সংসদ ভবন প্রাঙ্গণের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার
বাসস
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১২ জুলাই) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের জাতীয় কবরস্থানে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
এর আগে বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা হয়। পরে বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হয়।
দ্বিতীয় জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম), বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, আত্মীয়স্বজন ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
সেখানে জানাজার শুরুতেই মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং পরিবারের পক্ষে মরহুমের ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম জানাজায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের একজন কৃতী সন্তান। তার প্রয়াণে জাতীয় সংসদের প্রতিটি সদস্য ভারাক্রান্ত হয়েছেন। তিনি ব্যক্তি জীবনে অমায়িক, সজ্জন, সাধারণ মানুষের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন ছিলেন। এসময় তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিরাবের প্রতি সমবেদনা জানান।
এসময় জাতীয় সংসদের চিফ হুইপ, সংসদের বিরোধী দলীয় নেতা ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রয়াণে শোক প্রকাশ, শ্রদ্ধা জ্ঞাপন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব এ এস এম বাহাউদ্দিন মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং জানাজা শেষে জাতীয় সংসদ চত্বরের নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ (১২ জুলাই) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
জানাজায় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ-সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পঞ্চগড়-তেতুলিয়ার আপামর জনগণ, মরহুমের আত্মীয়-স্বজন, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
