সময় নষ্ট করছে আইপিএলের দলগুলো, কঠোর নিয়মের দাবি গাভাস্কারের

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচের সময় দীর্ঘায়িত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। তাঁর মতে, দলগুলোর সময় অপচয়ের কারণে টি-টোয়েন্টি ক্রিকেটের মূল গতি নষ্ট হচ্ছে এবং এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের।

গাভাস্কারের ভাষায়, আইপিএলের প্রায় প্রতিটি ম্যাচই এখন নির্ধারিত সময়ের বেশি সময় নিচ্ছে। অনেক ম্যাচ ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা পর্যন্ত গড়াচ্ছে, যদিও সুপার ওভার বা অতিরিক্ত সময়ের মতো কোনো বিশেষ পরিস্থিতি থাকে না।

তিনি বলেন, স্লো ওভার রেট নিয়ে নিয়ম থাকলেও ম্যাচ দীর্ঘায়িত হওয়ার বিষয়ে কার্যকর কোনো বিধান নেই। এ কারণেই তিনি বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিজের কলামে গাভাস্কার লিখেছেন, ‘দেখা যায় দলের রিজার্ভ প্লেয়াররা ম্যাচে মাঝে মাঠে ঢুকে পানির বোতল দিয়ে যান। এতে মাঠে ১১ জনের বেশি খেলোয়াড়ের উপস্থিতির মতো পরিস্থিতি তৈরি হয়। স্ট্র্যাটেজিক টাইমআউটের সময়ও অনেক খেলোয়াড় মাঠে ঢুকে যান। এটি বন্ধ করা উচিত।’

তিনি আরও বলেন, টাইমআউটের সময় কোচিং স্টাফের নির্দিষ্ট সদস্য ও দুইজন রিজার্ভ খেলোয়াড় ছাড়া অন্য কারও মাঠে প্রবেশ করা উচিত নয়।

ব্যাটসম্যানদের নামার সময় নিয়েও কড়া মত দিয়েছেন গাভাস্কার। বর্তমানে উইকেট পড়ার পর নতুন ব্যাটসম্যান নামার জন্য ২ মিনিট সময় দেওয়া হয়। তাঁর মতে, এখন খেলোয়াড়রা ডাগআউটে কাছেই থাকায় এই সময় ১ মিনিটে নামিয়ে আনা উচিত।

তিনি বলেন, সময় অপচয় রোধে নিয়ম না মানলে শাস্তি নিশ্চিত করতে হবে। গাভাস্কারের মতে, কঠোর নিয়ম ছাড়া আইপিএলের গতি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights