সাকিব দেশে ফিরতে না পারায় ব্যথিত কোচ সালাউদ্দিন
অনলাইন ডেস্ক
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে মাঠ থেকে বিদায় নিতে পারবেন কি না তানিয়ে সংশয় রয়েছে।
এদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তার জায়গায় নেওয়া হয়েছে এখনো টেস্ট অভিষেক না হওয়া হাসান মুরাদকে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষটা দেশের মাটিতে দেখতে না পেয়ে ব্যথিত হয়েছেন দেশের খ্যাতিমান ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘দেশের প্রতি দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে, আমরা মানুষ কী কখনও নিজেরা ভুল করি না, কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেয় উচিত, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।
একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সন্মান করে কাদের জন্য, তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না, রাজনীতি করছে বলে এরা খুনি??? এদের সাথে মিশেছেন, এরা কত মানুষ এর ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন?
তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কী দেখছেন, সাকিব যে আঙুলে চিড় নিয়া বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য?
দেশকে সবাই কম বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হইতো দেখা যায়ও না, এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করেনি, এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি এদেরকে মাঠ থেকে বিদায় দেখতে পাব না
মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দিবেন, আমরা সবাই কম বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনি ও সম্মানিত হবেন।’
গত ৫ আগস্ট দেশের রাজনৈতিকতা বাস্তবতা বদলে যাওয়ার পর সাকিবের নামে হত্যা মামলা হয়েছে। এর বাইরেও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চুপ থাকায় তার প্রতি অসন্তোষ আছে। সরকারের চাওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ নিয়ে ক্ষমাও চান সাকিব। এরপর তাকে নিয়েই মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়। কিন্তু এর মধ্যেই আবারও বিক্ষোভ হলে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে সাকিবকে দেশে আসতে নিষেধ করা হয়।
