সাগর আছে সম্ভাবনাও আছে

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী)

এক যুগেরও বেশি সময় আগে কুয়াকাটার ভবিষ্যৎ উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য নেওয়া হয়েছিল মাস্টারপ্ল্যান। প্রায় ১৩ বছর আগে সেই পরিকল্পনার গেজেট প্রকাশিত হলেও এখনো এর পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ভাঙন, অব্যবস্থাপনা ও অপরিকল্পিত উন্নয়নের ছাপ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রের ঢেউ ও জলোচ্ছ্বাসের চাপ বিবেচনায় নিয়ে কুয়াকাটার জন্য আরও টেকসই, সমন্বিত ও বিজ্ঞানভিত্তিক উপকূল সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি। কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে। আর তার প্রভাব পড়তে পারে কুয়াকাটার সম্ভাবনাময় পর্যটনশিল্পের ওপর। স্থানীয় ও পর্যটনসংশ্লিষ্টরা জানান, একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল সুযোগ, দীর্ঘ সমুদ্রসৈকত এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ‘সাগরকন্যা’ কুয়াকাটা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। তবে সম্ভাবনার তুলনায় কুয়াকাটার উন্নয়ন এখনো অনেক পিছিয়ে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটার পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক জানান, গত দুই মাসে সাতটি ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। একই সময়ে মাস্টারপ্ল্যান ও নির্মাণবিধি না মেনে নির্মাণাধীন ৩৫টি ভবনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়ে পৌরসভার পক্ষ থেকে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। মাস্টারপ্ল্যান অনুযায়ী কুয়াকাটাকে পর্যটন সেবা, কৃষি, বিমানবন্দর, ক্রীড়া ও রেলওয়ে অঞ্চলসহ বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights