সাবেক এমপি ফাহমী গোলন্দাজ ও স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ-১০ আসনের সাবেক এমপি ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, মানিলন্ডারিং ও দুর্নীতির অভিযোগে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, তদন্তে শারমিন গোলন্দাজের নামে ১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৬০৫ টাকার সম্পদ পাওয়া যায়। এর বিপরীতে ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৫৬ লাখ ৭২ হাজার ৮৪৫ টাকা। পারিবারিক ব্যয় বাবদ ২৮ লাখ ২০ হাজার টাকা বাদ দেওয়ার পর তার নিট সঞ্চয় দাঁড়ায় ২৮ লাখ ৫২ হাজার ৮৪৫ টাকা। ফলে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৪৬০ টাকা।

তদন্তে আরও দেখা যায়, শারমিন গোলন্দাজের নামে থাকা তিনটি ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ২৪০ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদক জানায়, ফাহমী গোলন্দাজ বাবেল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত সম্পদ বৈধ করার উদ্দেশ্যে তার স্ত্রী শারমিন গোলন্দাজের নামে সম্পদ প্রদর্শন এবং তার ব্যাংক হিসাবে অপরাধলব্ধ অর্থ লেনদেনে সহায়তা করেন।

দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

দুদকের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা, আদালত ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights