সিঙ্গাপুরের কাছে হেরে হামজা-জামালদের র‍্যাঙ্কিংয়ে অবনতি

অনলাইন ডেস্ক

৯ মাস পর আবারও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনতির মুখ দেখল বাংলাদেশ।

বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় এক ধাপ পিছিয়ে এখন ১৮৪ নম্বরে অবস্থান করছে হ্যাভিয়ের কাবরেরার দল।

বাংলাদেশ জুন উইন্ডোতে দু’টি ম্যাচ খেলেছিল। ভুটানকে ২-০ গোলে হারিয়েছিলেন জামালরা। পরবর্তীতে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে ১-২ গোলে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে। বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারলে র‍্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়ত।

এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের দলগুলোর মধ্যে বাংলাদেশের মতো ভারতেরও অবনতি হয়েছে। ছয় ধাপ পিছিয়ে ১২৭ থেকে ১৩৩-এ আছে তারা। জুনে তাদের ১-০ গোলে হারিয়ে হংকং ৬ ধাপ এগিয়ে এখন রয়েছে ১৪৭ নম্বরে। দুই ধাপ এগিয়ে ১৫৯ নম্বরে অবস্থান সিঙ্গাপুরের।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ৯ হংকংয়ের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি খেলেই হংকংয়ের বিমান ধরতে হবে কাবরেরার দলকে। ১৪ অক্টোবর একই প্রতিপক্ষের বিপক্ষে রয়েছে অ্যাওয়ে ম্যাচ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আর্জেন্টিনা। দুই, তিন, চার ও পাঁচে রয়েছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights