সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

অনলাইন ডেস্ক

‘‘আমি আবারও সিনেমার অভিনয়ে ফিরছি। এমডি ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। আসলে এখন মনের মতো গল্পের খুব অভাব। তাই অভিনয় থেকে কিছুটা অনিয়মিত আছি। কিন্তু নির্মাতা ইকবাল যখন এ সিনেমার গল্পটি শোনালেন বেশ ভালোই লাগল। মনে হলো দীর্ঘদিন পর দর্শকদের মনের মতো একটি চরিত্র উপহার দিতে পারব। তাই দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় ফিরছি।’’ বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বললেন চিত্রনায়ক বাপ্পারাজ।

চলচ্চিত্রের নানা কর্মকাণ্ডে যুক্ত থাকলেও বড়পর্দায় তাঁকে নতুন কোনো সিনেমায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নতুন একটি চলচ্চিত্রে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। পরিচালক এমডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পারাজ। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। এরই মধ্যে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাপ্পারাজের সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে পরিচালক ইকবাল বলেন, ‘এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজের কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘আমরা গল্প ও চরিত্রের সঙ্গে মানানসই অভিনয়শিল্পী নির্বাচন করছি। বাপ্পারাজকে যে চরিত্রে দেখা যাবে, সেটি সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর অভিজ্ঞতা ও অভিনয় দক্ষতা চরিত্রটিকে আরও সমৃদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস।’

শুটিংয়ের প্রস্তুতি নিয়ে ইকবাল বলেন, ‘এই মুহূর্তে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিল্পীদের সঙ্গে আলোচনা, লোকেশন দেখা এবং অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাকভাবে এগোলে আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। আমরা তাড়াহুড়া না করে পরিকল্পনা অনুযায়ী কাজটি করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights