সিলেটে সিরিজ জিততে মিরপুরের সেই মানসিকতা চান ক্যারিবীয় কোচ

স্পোর্টস ডেস্ক

মিরপুর টেস্টে পাওয়া আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতা ধরে রেখেই সিলেটে দ্বিতীয় টেস্ট খেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে থাকা ক্যারিবীয়দের লক্ষ্য এবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়া।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, মিরপুরের মতো একাগ্রতা ও জয়ের ক্ষুধা নিয়ে সিলেটেও মাঠে নামতে চান তাঁরা। দলের খেলোয়াড়দের পরিশ্রম ও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট এই ক্যারিবীয় কোচ।

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে একটি করে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে বাংলাদেশকে হারিয়ে সেই তালিকায় আরও একটি জয় যোগ করেছে দলটি। এবার সিলেটে সিরিজ জয়ের সুযোগ।

তবে বাংলাদেশের মাটিতে কাজটি সহজ হবে না বলে মনে করেন স্যামি। বিশেষ করে বাংলাদেশ দলের দায়িত্বে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ফিল সিমন্স। তাঁকে নিয়ে স্যামি বলেন, ‘ফিলকে আমি যতটুকু চিনি, সে কাজটা মোটেও সহজ হতে দেবে না। ওরাও জিততে চাইবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ওদের নিজস্ব কিছু লক্ষ্য আছে।’

নিজেদের প্রস্তুতি ও দলের মানসিকতা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘ছেলেদের মধ্যে যে ক্ষুধা, একাগ্রতা ও পরিশ্রমের মানসিকতা দেখছি, তাতে সিলেটে যে চ্যালেঞ্জই আসুক, আমরা প্রস্তুত। ঘরের মাঠে বাংলাদেশকে হারানো সহজ নয়, সেটা জেনেই আমরা অ্যাওয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জেতা বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না স্যামি। মিরপুর টেস্টে স্পিনের বিপক্ষে ক্যারিবীয় ব্যাটারদের ভালো পারফরম্যান্সের পেছনে চেন্নাইয়ের প্রস্তুতি ক্যাম্পের বড় অবদান রয়েছে বলেও মনে করেন তিনি।

এ প্রসঙ্গে স্যামি বলেন, ‘সবচেয়ে স্বস্তির ছিল আমাদের লড়াই করার মানসিকতা। তবে এর পেছনে চেন্নাইয়ের ক্যাম্পের অবদান অনেক। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্যাটারদের নিয়ে যে কাজ হয়েছে, সেটির প্রতিফলন দেখা গেছে মাঠে। আমাদের স্পিনাররা ওদের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে এবং আমাদের ব্যাটাররা ওদের চেয়ে ভালো স্পিন সামলেছে।’

মিরপুর টেস্টে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্র্যান্ডন কিংয়েরও প্রশংসা করেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। চতুর্থ ইনিংসে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটার।

এ ছাড়া ম্যাচে ৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হওয়া জোমেল ওয়ারিক্যান এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া অধিনায়ক রোস্টন চেইজের পারফরম্যান্সেও মুগ্ধ স্যামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights