সোনাগাজীতে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফেনী প্রতিনিধি
সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মিরাজের উপর হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সোনাগাজী জিরো পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগ নেতা শুভ ও তার সহযোগীরা এই হামলায় জড়িত। শুভ ফেনী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিনের অনুসারী।

সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জিহাদ। বিক্ষোভ সমাবেশে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলম ভুইয়া, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব রাসেল হামিদী।
এ ছাড়াও উপজেলা, ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা, আর কোনো কর্মীর উপর হামলা হলে এর কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।

জানা যায়, সোমবার সকালে সোনাগাজী সরকারি কলেজ থেকে ছাত্রদল নেতা মিরাজকে উঠিয়ে এনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর বাড়ির সামনে মারধর করেন ছাত্রলীগ নেতারা। অভিযোগ ওঠে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ ও যুগ্ম আহ্বায়ক পিয়াসের নির্দেশে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ বলেন, হামলাকারী ছাত্রলীগ নেতা শুভকে তিনি ব্যক্তিগতভাবে চিনেন না। ছাত্রদল নেতা মিরাজের উপর হামলার ঘটনায় তিনি কিছু জানেন না।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম জানান, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রবিনের অনুসারী শুভ হামলা করেছে বলে অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় উপজেলা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনার বিষয় শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights