সোনারগাঁয়ে ভূমিসেবা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের মতবিনিময়

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দায়িত্ব পালনের এক বছরে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ (সাড়ে ১১ একর) খাস জমি উদ্ধার, প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি এবং ৪৩২টি মিসকেইসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর সার্কেলের এসিল্যান্ড ফাইরুজ তাসনিম। একই সঙ্গে সোনারগাঁ ভূমি অফিস ও কাঁচপুর সার্কেলকে দালালমুক্ত ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নিজের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় গত এক বছরের ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমের চিত্র তুলে ধরে এসব কথা বলেন তিনি।

এসিল্যান্ড ফাইরুজ তাসনিম বলেন, ভূমি অফিসে সেবা নিতে এসে কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং দালালের আশ্রয় নিতে বাধ্য না হন, তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘যে কোনো সেবাগ্রহীতার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।’

তিনি জানান, দায়িত্ব পালনকালে গত এক বছরে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখল থেকে সরকারি সম্পত্তি রক্ষা এবং দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এছাড়া গত এক বছরে প্রায় ৪০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে বলে জানান এসিল্যান্ড।

ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে ফাইরুজ তাসনিম বলেন, গত এক বছরে ৪৩২টি মিসকেইসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতেই এসব কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় দায়িত্ব পালনকালে বিভিন্ন ইতিবাচক ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। ভূমি অফিসের সেবার মান আরও উন্নত করা, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এসিল্যান্ড।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights