সোশ্যাল মিডিয়ায় পোস্টের পাশাপাশি একটি করে গাছ লাগান: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তরুণ প্রজন্মকে উদ্দেশ করে বলেছেন, নদী ও গাছের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে। এ কারণে নদীর ধারে গাছ লাগিয়ে সবুজায়ন করা হবে। গাছ কার্বন ডাই অক্সাইড ছাড়ে, আর আমরা গাছ থেকে অক্সিজেন নিই। এ কারণে গাছ লাগানো জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করার সঙ্গে সঙ্গে একটি করে বৃক্ষরোপণ করুন। গাছ, নদী এবং মানুষের সম্পর্ক অসীম।

শুক্রবার বেলা ১১টায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে পঞ্চগড় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বরে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। বর্তমান সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে। এ কারণে সবাইকে একটি করে বৃক্ষরোপণ করতে আহ্বান করছি।

পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights