স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ
অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টের জন্য ঘরোয়া লিগে খেলা ২৮ ফুটবলারকে প্রাথমিক স্কোয়াডে ডেকেছিলেন কোচ থমাস ডুলি। পরবর্তী সময়ে কয়েকজন প্রবাসী ফুটবলারকেও অনুশীলনে যুক্ত করা হয়। কয়েক দিনের অনুশীলন শেষে এবার প্রাথমিক স্কোয়াড থেকে ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন কোচ।
জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসির তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল বাদ পড়েছেন। আরেকজনকে আজকের অনুশীলনের পর বাদ দেবেন। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জনকে নিয়ে যাবেন, সেটা এখনও জানাননি।’
বাদ পড়া ফুটবলারদের মধ্যে ইসা ফয়সাল বাংলাদেশের পরীক্ষিত ফুলব্যাক। হ্যাভিয়ের ক্যাবরেরার সময়ে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে থমাস ডুলির অধীনে বাংলাদেশ দলের প্রথম ম্যাচে সান মারিনোর বিপক্ষে একাদশে ছিলেন ইসা। এবার সেই ইসাই আসিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা পেলেন না।
সান মারিনো সফরে বাংলাদেশের দলে ছিলেন মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। তারাও এবার কোচের চূড়ান্ত পরিকল্পনা থেকে বাদ পড়েছেন।
এদিকে দুই প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিত সরকার জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। তবে অনুশীলনে তারা কোচের নজর কাড়তে পারেননি। আমেরিকান প্রবাসী গোলরক্ষক সাইফ অবশ্য এখন পর্যন্ত ভালো পারফরম্যান্স করছেন বলে জানা গেছে।
বাদ পড়া ফুটবলারদের মধ্যে কাজেম, ইসা ও তাজ উদ্দিন ইতোমধ্যে দলের হোটেল ছেড়েছেন। রাহুল এখনও হোটেলে অবস্থান করছেন। তবে ঠিক কী কারণে তাদের বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোচ কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট পজিশনে একাধিক বিকল্প থাকায় কোচ ডুলি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়বে। এর আগে আগামীকাল ঢাকায় ফর্টিজের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
