স্টারমারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রাজকীয় সফরে প্রভাব ফেলবে না, ট্রাম্পের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বিদ্যমান শীতল সম্পর্ক রাজা চার্লসের আসন্ন রাষ্ট্রীয় সফরে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে দৃঢ়ভাবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ব্রিটিশ রাজাকে একজন ‘চমৎকার ভদ্রলোক’ এবং নিজের ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেন। বাকিংহাম প্যালেস থেকে সফরের বিস্তারিত ঘোষণা করার পরপরই ট্রাম্প রাজার প্রতি তার এই গভীর শ্রদ্ধা ও ব্যক্তিগত বন্ধুত্বের কথা প্রকাশ করেন।
চলতি মাসের শেষের দিকে রাজা চার্লস এবং রানি ক্যামিলা তাদের প্রথম মার্কিন সফরে আসছেন। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সফরে তারা ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং ভার্জিনিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। স্টারমারের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন এই ঐতিহাসিক সফরকে ম্লান করে দিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি জানান, এর কোনো সম্ভাবনাই নেই।
মূলত ন্যাটো এবং ইসরায়েল-ইরান যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে কিয়ার স্টারমার সরকারের সম্পর্কের অবনতি লক্ষ করা গেছে। বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো এই যুদ্ধে সরাসরি মার্কিন পক্ষ নিতে অস্বীকৃতি জানানোর পর ট্রাম্প এই সামরিক জোটের কঠোর সমালোচনা করেন।
তবে রাজনৈতিক এই উত্তেজনা সত্ত্বেও ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রাখার বার্তাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
সূূত্র: সিএনএন
