স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৬

টাঙ্গাইলের সখীপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কচুয়া গ্রামের হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫), এবং সমেশ আলীর ছেলে মোজাম্মেল হক (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কচুয়া চাঁদেরহাট এলাকার স্বামীর সাথে বেড়াতে যায়। ঘুরাঘুরি শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে কচুয়া এলাকার হাজী চৌরাস্তায় পৌঁছালে ৭-৮ জন লোক তাদের পথরোধ করে। পরে স্বামীকে মারধর করে তার স্ত্রীকে পাশের একটি গজারির বনে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকরা চলে যায়।
রাতেই ওই গৃহবধূর স্বামী সখীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ৬ জন ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। নির্যাতিতার শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। বিকেলে আসামিদের আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights