স্মরণকালের বড় সমাবেশ হবে ময়মনসিংহে: শরীফ আহমেদ

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আগামী শনিবার (১১ মার্চ) ময়মনসিংহে স্মরণকালের বড় সমাবেশ হবে প্রত্যাশা করে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে অপেক্ষা করছে।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার মানুষ ব্যাপক উৎসাহ- উদ্দীপনায় জেগেছে। প্রত্যাশা করছি এ বিভাগীয় মহাসমাবেশ স্মরণকালের ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আগামীতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগের সবাইকে দিকনির্দেশনা দেবেন বলে আমরা বিশ্বাস করি।
শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগদানের পাশাপাশি এখন থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার আরও শতাধিক উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নে বদলে গেছে গোটা ময়মনসিংহ। ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার সঙ্গে অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়ায় এখানকার মানুষের জীবনযাত্রার মান বেড়েছে কয়েকগুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights