স্মার্ট বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিটি বাঙালি তার অধিকার, সম্মান ও মর্যাদা নিয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে, সে জন্য বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম করেছেন। তিনি যেমন বাংলাদেশ চেয়েছিলেন, তার কন্যা সমস্ত অপশক্তিকে প্রতিহত করে অপ্রতিরোধ্য গতিতে সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামীদিন স্মার্ট বাংলাদেশ হবে এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিটি মুহূর্তে আমাদের অনুপ্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু।

শুক্রবার সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পিতা মুজিবই একমাত্র নেতা যিনি একেবারে ভাষার আন্দোলন দিয়ে শুরু করে স্বায়ত্ব শাসনের আন্দোলন, স্বাধিকারের আন্দোলন করে এ দেশকে স্বাধীন করেছেন। আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র। সে জন্যই তিনি আমাদের জাতির পিতা।
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটেন শিক্ষামন্ত্রীসহ অতিথিরা।

এর আগে সকাল ৮ টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দিবস উপলক্ষে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। সেখানে মন্ত্রী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ক্যাম্পাসে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights