হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মাছ চাষী শরিফুল ইসলাম টুলু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ প্রদান করেন।
সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার লাউদিয়া গ্রামের একটু পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিলো ওই গ্রামের শফিকুল ইসলাম টুলু। সেসময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জাহিদুল ইসলাম, জসিম, খোকনসহ আরও কয়েকজন তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হলে পরদিন মারা যায়। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর নিহতের ভাই সরফুদ্দিন ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামি জাহিদুল, খোকন, ইলিয়াস, জসিম ও সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক।
