হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার কথা বলে ‘মজা’ করেছিলেন ট্রাম্প: মার্কিন গণমাধ্যম

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলে ‘মজা’ করেছিলেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’র প্রতিবেদক ব্রায়ান শোয়ার্টজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নিয়ে তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেননি।

শোয়ার্টজ লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের পর হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার বিষয়ে তার উপদেষ্টাদের সঙ্গে কোনো বৈঠক করেননি। আজ নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি মজা করছিলেন।’

নিউইয়র্কের গার্ডেন সিটিতে নাসাউ কাউন্টি পুলিশ একাডেমিতে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে ওই মন্তব্য করেন।

মুচকি হেসে তিনি বলেন, ‘ইরানকে পরাজিত করার পর—যা খুব বাজেভাবে পরাজিত হচ্ছে—খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’ এরপর তিনি বলেন, ‘এটা সত্যি।’

বক্তৃতায় উপস্থিত ছিলেন ব্রায়ান শোয়ার্টজ। তিনি জানান, মন্তব্যটি করার পর ট্রাম্প হেসেছিলেন। তবে পরে তিনি বিষয়টি সত্যি বলে জোর দিয়ে উল্লেখ করেন।

ট্রাম্প আরও দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের সামুদ্রিক প্রবেশাধিকার বর্তমানে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘অবরোধ আমাদের। আমরা না চাইলে কোনো জাহাজ যেতে পারে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights