হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৫ দিনব্যাপী গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষকসহ ১৩০ জন গবেষক অংশগ্রহণ করছেন।

রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় হাবিপ্রবির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, ‘গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। গবেষণাই জ্ঞান, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি। মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি হয় এবং উদ্ভাবনের পথ উন্মোচিত হয়।’

তিনি বলেন, বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা গবেষণার অগ্রগতি মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময়, নতুন ধারণার বিকাশ এবং ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভাইস-চ্যান্সেলর আশা প্রকাশ করে বলেন, গবেষকদের সৃজনশীলতা, নিষ্ঠা ও পরিশ্রম হাবিপ্রবিকে একটি অগ্রসরমান গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করবে। তিনি গবেষকদের নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশ, নতুন গবেষণা প্রস্তাবনা তৈরি এবং সমাজের সঙ্গে গবেষণার সংযোগ আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আইআরটির পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ২০২৪-২০২৫ অর্থবছরে সম্পন্ন হওয়া ইন্ডিপেনডেন্ট গবেষণা প্রকল্প এবং ২০২২-২০২৩ অর্থবছরের সমাপ্ত কোলাবরেটিভ গবেষণা প্রকল্পগুলোর চূড়ান্ত ফলাফল উপস্থাপন করা হয়।

এছাড়া ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরের চলমান কোলাবরেটিভ গবেষণা প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি ও গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। কর্মশালায় আইআরটির বার্ষিক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন এবং ফিসারিজ অনুষদের চারটি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটির উপপরিচালক মো. শাহজাহান মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights