হামের উপসর্গে সিলেটে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটে দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর মিছিল। প্রায় প্রতিদিনই হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুরা হাসপাতালে মারা যাচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে আরও দুই শিশু মারা গেছেন। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে একজনের বাড়ি সিলেটে ও অপরজন হবিগঞ্জে।

মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১০৫ জনের মধ্যে সুনামগঞ্জের ৪৭ জন, সিলেটের ৩৬ জন, মৌলভীবাজারে ১২ জন ও হবিগঞ্জের ১০ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ৫১ জনসহ চিকিৎসাধীন আছেন ২৭৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৫ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম জানান, যারা আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে তাদের ৯৫ শতাংশই হামের টিকা নেয়নি। অজ্ঞতা ও কুসংস্কারের কারণে সিলেটের চা বাগান ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে টিকা থেকে বাদ পড়া শিশুর সংখ্যা বেশি। যে কারণে ওই দুই জেলায় শিশু মৃত্যুর সংখ্যাও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights