১৩ মাসে ঢাকা ও আশপাশে ১৬০৪ অবরোধ

অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশের সড়কে ১২৩টি সংগঠন এক হাজার ৬০৪টি অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশের রাস্তায় এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে। এটি করেছে ১২৩টি সংগঠন। আপনাদের মাধ্যমে অনুরোধ- এগুলো তারা যেন রাস্তায় না করে, এতে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। যানজটের একটা বড় কারণ হলো… একটা রাস্তার যদি কোনও একটা কোণা ব্লক হয়ে যায়, ঢাকা শহর কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায়। আমি সবার কাছে একটা অনুরোধ করব, এটা যদি একটা সুনির্দিষ্ট জায়গায় করা হয়, যেখানে মাঠ রয়েছে, কিংবা সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে- এসব জায়গায় যদি করা হয়, তবে জনদুর্ভোগটা কম হবে।

আপনারা তাহলে একটা জায়গা নির্ধারণ করে দেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আমরা নির্ধারণ করব কেন? আমরা তো বলেছি। এটার অনুমতি তো আমাদের কাছে চাচ্ছে না। আমাদের কাছে যাওয়ার পরে তো নির্ধারণ করব। তারাও কিন্তু চায় না যে, জনদুর্ভোগ হোক। এটা করলে সবচেয়ে ভালো সবাই যদি যার যার জায়গা থেকে… সবারই তো দাবি-দাওয়া থাকতে পারে। প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে, কিন্তু সেটা জনদুর্ভোগ সৃষ্টি না করে।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সে হিসাবে বর্তমান সরকারের ১৩ মাস চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights