২০২৬ বিশ্বকাপ থেকে যত টাকা আয় করল ফিফা

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে রেকর্ড পরিমাণ আয় করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত এই আসর থেকে ফিফার মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৫ বিলিয়ন (১৫২০ কোটি) মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬১৬ কোটি ৩৬ লাখ টাকা।

৪৮ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৪-এ। সম্প্রসারিত টুর্নামেন্ট, যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্যিক বাজার, সম্প্রচারস্বত্ব, স্পন্সরশিপ এবং টিকিট বিক্রি—সব হিসাব মিলিয়ে ফিফার আয় এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের ফাইনালের টিকিটের গড় মূল্য ছিল ১২ হাজার ৭৫১ মার্কিন ডলার। উচ্চমূল্য সত্ত্বেও টুর্নামেন্টের প্রায় ৯৯ শতাংশ টিকিট বিক্রি হয়ে যায়। বিশ্বের ২১১টি দেশ ও অঞ্চল থেকে ৫০ কোটির বেশি টিকিট আবেদন জমা পড়ে, যা বিশ্বকাপের প্রতি বৈশ্বিক আগ্রহেরই প্রমাণ।

টেলিভিশন দর্শকসংখ্যাতেও নতুন রেকর্ড গড়েছে এবারের আসর। যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও বসনিয়া-হার্জেগোভিনার লড়াই দেশটির টেলিভিশন ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক টেনেছে। ম্যাচটি প্রায় ২ কোটি ৪০ লাখ দর্শক সরাসরি উপভোগ করেন।

তবে আর্থিক সাফল্যের পাশাপাশি নানা বিতর্কও ছিল এবারের বিশ্বকাপকে ঘিরে। টিকিটের উচ্চমূল্য, ভ্রমণ ও আবাসন ব্যয় এবং আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সমালোচনা হয়। বিশেষ করে কয়েকটি দেশের সমর্থক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশে জটিলতা এবং ইরান দলকে ঘিরে ভিসা ইস্যু আলোচনায় আসে।

এরই মধ্যে ভবিষ্যৎ বিশ্বকাপ নিয়েও ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

সূত্র: দ্যা গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights