রাজবাড়ীর পদ্মায় মহাবিপন্ন ৩৫ কেজির বাগাড়

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পদ্মা নদীতে ৩৫ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি মহাবিপন্ন বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল ভোরে দৌলতদিয়ার পদ্মা নদীর কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল মণ্ডলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি প্রকাশ্যে দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রি হয়।

জানা গেছে, গতকাল সকালে দৌলতদিয়া মৎস্য আড়তের রেজাউল মণ্ডলের আড়তে মাছটি বিক্রির জন্য নিলামে তোলা হয়। নিলাম থেকে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৯১০ টাকায় মাছটি ক্রয় করেন। শাহজাহান শেখ বলেন, বাগাড় মাছটির ওজন ৩৫ কেজি ৮০০ গ্রাম। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি আমি ৫১ হাজার ৯১০ টাকায় ক্রয় করেছি। কেজিতে সামান্য লাভে আমি মাছটি বিক্রি করে দেব। আন্তর্র্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী, বাগাড় মহাবিপন্ন প্রাণী। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, বাগাড় শিকার, ধরা ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। দৌলতদিয়া ফেরিঘাটের জেলে খলিল মণ্ডল বলেন, গতকাল ভোরে কারেন্ট জালে দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীতে বাগাড় মাছটি পেয়েছি। ৫১ হাজার টাকায় মাছটি আমি বিক্রি করে দিয়েছি। জেলা মৎস্য অফিসার মো. মাহবুব উল হক বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে বাগাড় শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। তবে মৎস্য সংরক্ষণ আইনে এমন কিছু নেই। উপজেলা প্রশাসন ও বন বিভাগ বিষয়টি নিয়ে কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights