৬ ম্যাচে টানা ৫ হার, যে সমীকরণে প্লে-অফে উঠতে পারে চেন্নাই

অনলাইন ডেস্ক

আইপিএলে প্রথম ম্যাচ জয়ের পর একের পর এক ম্যাচে হেরে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক হিসেবে ফিরেও মহেন্দ্র সিং ধোনি দলের জয় ছিনিয়ে আনা সম্ভব হয়নি। ইতোমধ্যেই আইপিএলে ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে গিয়েছেন তারা। মাত্র দু’পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নবম স্থানে রয়েছে চেন্নাই। এখান থেকে প্লে-অফে ওঠা কি সম্ভব?

সাধারণত আইপিএলের প্লে-অফে ওঠার জন্য সাত বা আটটি ম্যাচে জয় প্রয়োজন হয়। চেন্নাইয়ের এখনও আটটি ম্যাচ বাকি। ফলে কাজটা কঠিন হলেও এখনও অসম্ভব নয়। বাকি আটটি ম্যাচের সব ক’টি জিততে পারলে চেন্নাই পৌঁছে যাবে ১৮ পয়েন্টে। যা প্লে-অফে ওঠার সমীকরণ অনেক সহজ করে দেবে। যদি তারা আটটির মধ্যে সাতটিতে জিততে পারে, তা হলেও প্লে-অফে ওঠার সম্ভাবনা থাকবে। কঠিন হবে যদি শেষ আটটি ম্যাচের মধ্যে চেন্নাই তিনটিতে হেরে যায়। সে ক্ষেত্রে চেন্নাইয়ের পয়েন্ট হবে ১২। প্লে-অফে ওঠার জন্য সেটা যথেষ্ট না-ও হতে পারে।

পয়েন্ট তালিকায় সকলের নিচে সানরাইজার্স হায়দরাবাদ। ৫ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে তারা। চেন্নাই ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। এই তিন দলই চেষ্টা করবে দ্রুত জয়ে ফিরতে।

তবে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি এখনই প্লে-অফের আশা ছাড়তে নারাজ। তিনি বলেন, এখনই হার মেনে নিচ্ছি না আমরা। আমাদের চেষ্টা করতে হবে প্রথম চারের মধ্যে থাকার। আইপিএল অনেক বড় প্রতিযোগিতা। আমাদের জয়ে ফিরতে হবে। এই মুহূর্তে আমরা জয় পাচ্ছি না। ভাল ক্রিকেট খেলতে পারছি না আমরা। তবে সময় যে বদলাবে না, সেটা ভেবে নেওয়া ঠিক নয়। যদি আমরা ভাল খেলতে পারি তা হলেই আত্মবিশ্বাস ফিরে পাব। কয়েকটা ম্যাচে জয় পেলেই পরিস্থিতি বদলে যাবে। প্লে-অফে ওঠার লড়াইয়ে আমরা হয়তো নিচের দিকে থাকব। এখনও অনেক ম্যাচ বাকি। বিশ্বাস করি আমরা পারব।

শুক্রবার (১১ এপ্রিল) এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাইকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights