অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ
অনলাইন ডেস্ক
দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পেশাগত জীবনের নানা দিক নিয়ে কথা বললেও ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব একটা মুখ খোলেন না তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে রসিকতার সুরে অকপট হয়েছেন এই অভিনেতা। আগের দুই বিয়ের প্রসঙ্গ টেনে স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি।
তিন দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে কাজ করছেন প্রসেনজিৎ। একসময় তার হাত ধরেই বাংলা সিনেমার বক্স অফিসে ফিরেছিল প্রাণচাঞ্চল্য। দর্শকের ভালোবাসায় পেয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ তকমাও।
তবে দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। বিশেষ করে স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে ছড়িয়েছে নানা গুঞ্জন। সেসব আলোচনা পেছনে ফেলে দুজন একসঙ্গেই পথ চলছেন।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্পিতার সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেন প্রসেনজিৎ। এ সময় আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে রসিকতার সুরে অর্পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রসেনজিৎ বলেন, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী- ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’
প্রসেনজিতের ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদের অধ্যায় রয়েছে। জীবনে তিনবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তার প্রথম স্ত্রী অভিনেত্রী দেবশ্রী রায়। এরপর অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে সংসার শুরু করেন। তবে প্রথম দুই দাম্পত্য সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি।
পরে ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন প্রসেনজিৎ। সেই থেকে দুই দশকের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন তারা। তাদের সংসারে রয়েছে ছেলে মিশুক।
