অসচ্ছল শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট, জবিতে বৃত্তি পাচ্ছেন ৩০ শিক্ষার্থী
মাহমুদুল হাসান জবি প্রতিনিধি:
অর্থনৈতিক সংকট যেন মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট। দরিদ্র, মেধাবী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গঠন ও নৈতিক মূল্যবোধ বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এখন পর্যন্ত ৩৮ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ট্রাস্টটি। বর্তমানে তাঁদের মধ্যে ৩০ জন নিয়মিত বৃত্তি পাচ্ছেন।
২০১৬ সালের ১১ জুলাই প্রতিষ্ঠিত মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ২০১৮ সালের ২২ নভেম্বর নিবন্ধন লাভ করে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. মো. মাহবুবর রহমান। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের অভিভাবকত্বের সম্পর্ক তৈরি করে তাঁদের শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগের সূচনা হয়।
প্রতিষ্ঠার প্রেক্ষাপট সম্পর্কে ড. মো. মাহবুবর রহমান বলেন, অর্থের অভাব, অভিভাবকহীনতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয়। অন্যদিকে সমাজে অনেক সামর্থ্যবান মানুষ রয়েছেন, যাঁরা অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চান। এই দুই পক্ষের মধ্যে দায়িত্ববোধ, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই মোরাল প্যারেন্টিংয়ের মূল উদ্দেশ্য।
ট্রাস্টের বর্তমান কার্যক্রম সম্পর্কে তিনি জানান, বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে ১ হাজার ৭২৪ জন মোরাল চাইল্ড, ৬০৪ জন মোরাল প্যারেন্ট এবং ১০১ জন ক্যাম্পাস গার্ডিয়ান যুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৫০০ জন শিক্ষার্থী পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি ৩০ থেকে ৩৫টি স্কুল-কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ সুবিধার আওতায় রয়েছেন।
যেভাবে দেওয়া হয় বৃত্তি
মোরাল প্যারেন্টিং ট্রাস্টের আওতায় ষষ্ঠ শ্রেণি থেকে মাস্টার্স পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। শিক্ষার স্তর অনুযায়ী প্রতি দুই মাস অন্তর ১ হাজার ১০০ টাকা থেকে ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বৃত্তি পান শিক্ষার্থীরা। জুলাই ২০২৫ থেকে নির্ধারিত নতুন হার অনুযায়ী এ অর্থ প্রদান করা হচ্ছে। নির্বাচিত শিক্ষার্থীরা নিয়মবহির্ভূত কোনো কাজে জড়িত না হলে পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত বৃত্তি পেয়ে থাকেন।
শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে প্রতিষ্ঠাতা জানান, আবেদনকারীর শিক্ষাগত ফলাফল, পারিবারিক অবস্থা ও আর্থিক প্রয়োজন বিবেচনা করে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পরে ক্যাম্পাস গার্ডিয়ান আবেদন যাচাই করে সুপারিশসহ ট্রাস্টের কাছে পাঠান। এরপর আগ্রহী মোরাল প্যারেন্টের মাধ্যমে শিক্ষার্থীর তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৃত্তি চালুর পরও শিক্ষার্থীদের পড়াশোনা ও ফলাফলের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়।
শুধু বৃত্তি প্রদানেই সীমাবদ্ধ নয় ট্রাস্টের কার্যক্রম। শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে রয়েছে ১২টি অনলাইন কোর্স, শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার, ‘১০০ বই পড়া’ কর্মসূচি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং জরুরি আর্থিক সহায়তা। এ ছাড়া ‘স্বাবলম্বী’ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থী ও তাঁদের পরিবারের আয়বর্ধক উদ্যোগে সহযোগিতা করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৬০০ পরিবার এ প্রকল্পের মাধ্যমে সহায়তা পেয়েছে।
তবে কার্যক্রম পরিচালনায় কিছু চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন প্রতিষ্ঠাতা। তাঁর মতে, প্রয়োজনের তুলনায় মোরাল প্যারেন্টের সংখ্যা কম থাকায় অনেক আবেদনকারীকে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে প্রত্যাশিত অংশগ্রহণ না থাকাও একটি বড় চ্যালেঞ্জ।
মোরাল প্যারেন্টিংয়ের দর্শন তুলে ধরে তিনি বলেন, প্রত্যেক সামর্থ্যবান মানুষ যদি নিজের সন্তানের পাশাপাশি সমাজের অন্তত একজন অসচ্ছল শিক্ষার্থীর দায়িত্ব নেন, তাহলে সমাজে মানবিক ও নৈতিক অভিভাবকত্বের চর্চা বাড়বে। ইতোমধ্যে ট্রাস্টের অনেক সাবেক মোরাল চাইল্ড নিজেরা প্রতিষ্ঠিত হয়ে মোরাল প্যারেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
জবিতে ৩৮ শিক্ষার্থী পেয়েছেন বৃত্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সহকারী পরিচালক মো. ফজলে রাব্বি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। জবিতে এ পর্যন্ত মোট ৩৮ জন শিক্ষার্থী এ বৃত্তির আওতায় এসেছেন। তাঁদের মধ্যে বর্তমানে ৩০ জন নিয়মিত বৃত্তি পাচ্ছেন।
আবেদন ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির জন্য নির্দিষ্ট কোনো বার্ষিক আবেদন বা নির্বাচন কার্যক্রম নেই। শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে আবেদন করেন। তাঁদের ফলাফল, পারিবারিক আর্থিক অবস্থা ও প্রয়োজনীয়তা যাচাই করে যোগ্যদের বৃত্তির জন্য নির্বাচন করা হয়।
তিনি আরও জানান, প্রথমে ক্যাম্পাস গার্ডিয়ান আবেদন যাচাই করে শিক্ষার্থীর বিষয়ে পর্যবেক্ষণ ও সুপারিশ ট্রাস্টের কাছে পাঠান। পরে ট্রাস্ট কর্তৃপক্ষ পুনরায় তথ্য যাচাই-বাছাই করে বৃত্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়। নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি দুই মাস অন্তর বৃত্তির অর্থ প্রদান করা হয়।
ট্রাস্টের সহযোগিতায় বদলেছে আসমার স্বপ্নের পরিধি
মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আসমা। তাঁর বাবা একজন অটোচালক এবং ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবার অসুস্থতা ও পরিবারের আর্থিক সংকটের মধ্যেও নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি।
২০২২ সালে মাধ্যমিক ও ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বোর্ড বৃত্তি অর্জনের পাশাপাশি মাগুরা জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন আসমা। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও পেয়েছিলেন তিনি।
নিজের অভিজ্ঞতা জানিয়ে আসমা বলেন, মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সহযোগিতায় এখন পড়াশোনায় পুরোপুরি মনোযোগ দিতে পারছেন। পড়াশোনার পাশাপাশি জাপানি ভাষার হিরাগানা ও কাতাকানা শেখার দুটি স্তর শেষ করেছেন এবং আইইএলটিএসের স্পিকিং অংশ সম্পন্ন করেছেন। এ ছাড়া বিতর্ক, পাবলিক স্পিকিং, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আসমা বলেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন দেখেন তিনি। ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করে তাঁর মতো অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চান। তাঁর ভাষায়, ‘মোরাল প্যারেন্টিং পরিবার আমাকে ছোট্ট কুঁড়েঘর থেকে আকাশচুম্বী স্বপ্ন দেখতে শিখিয়েছে। এই পরিবারের অবদান আমি কখনো ভুলব না।’
শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তা নয়, বরং দক্ষ, আত্মনির্ভরশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি ভবিষ্যতে সমাজের অন্য সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন।
