অস্ত্র উদ্ধার করে আওয়ামী লীগ নেতাকর্মীদের আইনের আওতায় আনতে হবে : ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী বিদেশে পালিয়ে গেছে। তবে যারা এখনো দেশে রয়েছে, তাদের কাছে অনেক অস্ত্র রয়ে গেছে, যার বেশিরভাগই এখনো উদ্ধার হয়নি। প্রশাসন তাদের সম্পর্কে জানে। তাই অনতিবিলম্বে এসব অস্ত্র উদ্ধার করে তাদের আইনের আওতায় আনতে হবে।
শনিবার (৩ অক্টোবর) নগরীর লালদীঘির পাড়স্থ জেলা পরিষদ চত্বরে কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি লালদীঘির পাড় ও বক্সিরহাট হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে ডা. শাহাদাত বলেন, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আমাদের নেতাকর্মীরা জেল, রিমান্ড, মামলা-হামলা, গুম ও খুনের শিকার হওয়ার পরও রাজপথে ছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তৃণমূলের নেতাকর্মীদের এতিম করে গেছেন। বিদেশে বসে তাদের উসকে দিচ্ছেন। শেখ হাসিনার জন্য ফাঁসির রশি রেডি আছে।
কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য আবু সুফিয়ান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদুল আলম, মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু এবং মো. ইসমাইল বালি।
