টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়ি পুড়িয়ে দিল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
অনলাইন ডেস্ক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় অগ্নিসংযোগ, লকার ভেঙে আসামি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এ সময় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে এসব ঘটনা শুরু হয়।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিত হন। পরে তারা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরে থানার লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেওয়া হয় এবং পুলিশের অস্ত্র লুট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
আরও জানা গেছে, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় বাধার মুখে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এ সময় আনসার ব্যাটালিয়নের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অগ্নিসংযোগ ও সহিংসতা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে।
