আবাসন সংকট নিয়ে স্পেনে বিক্ষোভ, পার্লামেন্টে ধাক্কা সানচেজ সরকারের

আবাসন সংকট নিয়ে তীব্র জনবিক্ষোভের মধ্যেই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের দুটি জরুরি আবাসন ডিক্রি পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছে। ভাড়াটিয়াদের উচ্ছেদ ঠেকানো, ভাড়া নিয়ন্ত্রণ এবং স্বল্পমেয়াদি ভাড়া ব্যবস্থায় কড়াকড়ির মতো পদক্ষেপ থাকা এসব প্রস্তাব আটকে যাওয়ায় সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে।

শুক্রবার ৩৫০ আসনের পার্লামেন্টে প্রস্তাব দুটির ওপর ভোট হয়। সানচেজের সংখ্যালঘু জোট সরকারের গুরুত্বপূর্ণ সহযোগী কাতালানপন্থি জুনৎস দল প্রস্তাবের বিরোধিতা করে। দলটির সাত আইনপ্রণেতা মনে করেন, প্রস্তাবগুলো আবাসন সরবরাহ আরও কমিয়ে দিতে পারে এবং এর ফলে ভাড়া আরও বাড়ার ঝুঁকি রয়েছে। বিরোধী পিপলস পার্টি ও ভক্সও প্রস্তাবগুলোর বিপক্ষে ভোট দেয়।

প্রথম ডিক্রিতে ২০৩০ সাল পর্যন্ত ঝুঁকিপূর্ণ ও অসহায় ভাড়াটিয়াদের উচ্ছেদে নিষেধাজ্ঞা, বিদ্যমান ভাড়ার চুক্তিতে দুই বছরের ভাড়া-স্থগিতাদেশ বাড়ানো এবং স্বল্পমেয়াদি ভাড়ার ওপর কঠোর নিয়ন্ত্রণের প্রস্তাব ছিল। আবাসন নির্মাণ ও ভাড়ার বাজারে বিনিয়োগ বাড়াতে কিছু কর-সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছিল।

দ্বিতীয় ডিক্রিতে ভাড়ার চুক্তি মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয় ও অনির্দিষ্টকালের জন্য নবায়নের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছিল। বাড়ির মালিক চুক্তি শেষ করতে চাইলে ভাড়াটিয়াকে এক বছরের ভাড়ার সমপরিমাণ অর্থ দেওয়ার বিধানও এতে ছিল।

আবাসন নিয়ে ক্ষোভ আরও তীব্র হয় ২৩ সেপ্টেম্বর ৮৭ বছর বয়সী মারিকর্মেন আবাসকালকে মাদ্রিদের বাড়ি থেকে উচ্ছেদের পর। ওই ঘটনা দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত করে। মাদ্রিদের কেন্দ্রীয় পুয়ের্তা দেল সল চত্বরে তরুণরা তাঁবু খাটিয়ে অবস্থান নেয়। শুক্রবারও পার্লামেন্টের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হয়ে ভাড়াটিয়াদের সুরক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি জানান।

আবাসকাল যে বাড়িতে সারা জীবন ছিলেন, সেটি ২০১৮ সালে একটি রিয়েল এস্টেট ও বিনিয়োগ প্রতিষ্ঠান কিনেছিল। তাঁর ভাড়া ৫০০ ইউরো থেকে বাড়িয়ে ২ হাজার ৬৫০ ইউরো করা হয়েছিল—যা তাঁর ১ হাজার ৩৫০ ইউরোর পেনশনের প্রায় দ্বিগুণ। পরে তাঁকে উচ্ছেদ করা হয়। ঘটনাটি স্পেনে আবাসন ব্যয় ও ভাড়াটিয়াদের সুরক্ষা নিয়ে নতুন করে ক্ষোভ তৈরি করে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত এক দশকে স্পেনে গড় ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। স্পেনের যুব কাউন্সিলের হিসাবে, গড় মাসিক ভাড়া এখন প্রায় ১ হাজার ১৭৬ ইউরো, যা একজন তরুণের গড় বেতনের ৯৮ দশমিক ৭ শতাংশের সমান। ফলে অনেক তরুণ ৩০ বছর বয়স পার হওয়ার পরও বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন।

৩৫০ আসনের পার্লামেন্টে সানচেজের বামপন্থি জোটের আসন ১৪৭টি। সরকারকে আইন পাস করাতে ছোট দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হয়। ফলে জুনৎসের মতো দলের বিরোধিতা সরকারের জন্য গুরুত্বপূর্ণ বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর ভাড়াটিয়াদের সংগঠনগুলো আরও বিক্ষোভের ঘোষণা দিয়েছে। টেন্যান্টস ইউনিয়ন জানিয়েছে, শনিবারও বড় ধরনের সমাবেশ হবে এবং মাদ্রিদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সংগঠনটির এক মুখপাত্র সাধারণ ধর্মঘটের লক্ষ্যেও এগোনোর কথা জানিয়েছেন।

এদিকে স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমে সানচেজ আগাম নির্বাচন ডাকতে পারেন- এমন সম্ভাবনার কথাও বলা হয়েছে। আগামী বছর নিয়মিত নির্বাচন হওয়ার কথা থাকলেও আবাসন ডিক্রি পার্লামেন্টে পাস না হলে নভেম্বরেই আগাম ভোট হতে পারে বলে ওই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। তবে সানচেজের কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তথ্য সূত্র- রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights