আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে নৌ-পুলিশের থানা বা ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে চাওয়ায় সংসদ অধিবেশনে হাসির রোল পড়ে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশনে ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া জেলার দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত প্রায় ৬০-৬৫ কিলোমিটার নদীপথের আইন-শৃঙ্খলার অবনতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, এই দীর্ঘ রুটটি পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির মাধ্যমে পরিচালিত হওয়ায় এলাকায় অপরাধ বাড়ছে।

নদীপথে সন্ত্রাসীদের দৌরাত্ম্য ও গোলাগুলি বন্ধে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে একটি নৌ-থানা বা ফাঁড়ি স্থাপনের জোর দাবি জানান।

সংসদ সদস্যের এমন দাবিতে অবাক হয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রশ্ন করেন, তিনি এই প্রশ্নটি প্রাণিসম্পদ মন্ত্রীকে করছেন কি-না এবং প্রাণিসম্পদ মন্ত্রী কীভাবে নৌ-পুলিশের থানা স্থাপন করবেন।

ফরিদা ইয়াসমিন আবারও একই দাবি জানালে স্পিকার রসিকতা করে মন্ত্রীর উদ্দেশে বলেন, আপনার আন্ডারে থানা-পুলিশ কিছু আছে কি-না উত্তর দিন।

জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হেসে উঠে বলেন, পুলিশ তো আমার হাতে নেই। তবে আমার কাছে মুরগি আছে।

মন্ত্রী হাস্যরসাত্মক ভঙ্গিতে আরও বলেন, ওই এলাকায় যদি আমার মন্ত্রণালয়ের রিজার্ভের মাছ কেউ ধরে, তবে সেই উসিলায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারি কিছু পুলিশ পাঠানোর জন্য। এছাড়া এই বিষয়ে আমার আর কিছু করার নেই।

মন্ত্রীর এমন মন্তব্যে পুরো সংসদ কক্ষে হাসির রোল পড়ে। পরে স্পিকার সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights