আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমিরাত প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’ (বিএলসি)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন, মেলা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত শনিবারআজমানের ‘উম্মুল মুমিনীন উইমেন্স অ্যাসোসিয়েশন’ হলে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমিরাতের সাতটি প্রদেশ থেকে প্রবাসী নারীরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন।

সংগঠনের সভাপতি লাবণ্য আদিলের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন তানিয়া নোভা ও তন্বী সাবরিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইজুন নাহার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, জেসমিন মাহাবুব সিআইপি, রুমানা আক্তার, জুলি জাফর চৌধুরী, শেফালী আক্তার আখি সিআইপি, সংগঠনের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন এবং সাধারণ সম্পাদক নাসরিন আক্তার। এ ছাড়া কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়লা রুবাইয়াৎ, মারিয়ুম মুহাম্মদ, তানিয়া কলি, ইষিকা মাজাহার ও দিলশাদ আফরোজ।

দিনব্যাপী আয়োজিত মেলায় প্রবাসী নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পোশাক, হস্তশিল্প, অলংকার ও ঐতিহ্যবাহী খাবারের বিভিন্ন স্টল ছিল। এসব স্টলে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘বিএলসি অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান। প্রবাসে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান, নারী অগ্রগতি এবং উদ্যোক্তা হিসেবে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচ নারীকে এ সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন জুলি জাফর চৌধুরী, মীনা কবীর, মমতাজ আইয়ুব, নাজমান নাহার বুবলী এবং শেখ সিদরাতুন মুনতাহা তামরিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী নারীদের প্রতিভা, যোগ্যতা ও অর্জন তুলে ধরা এবং কর্মদক্ষ নারীদের যথাযথ স্বীকৃতি দেওয়াই সংগঠনটির মূল লক্ষ্য। তাঁরা প্রবাসে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের আরও সচেতন হওয়ার পাশাপাশি আমিরাতের স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে বিএলসি কালচারাল ফোরামের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights