‘আরও ছয়টি আঙুল বাকি আছে’, লোপেজের চার বিয়ে নিয়ে ভক্তের রসিকতা

শোবিজ ডেস্ক
চারবার বিয়ে, চারবারই বিচ্ছেদ—ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে এবার মজার এক মন্তব্য শুনে হাসি থামাতে পারলেন না হলিউড তারকা জেনিফার লোপেজ। এক ভক্তের তাৎক্ষণিক রসিকতাকে জীবনে শোনা সবচেয়ে মজার কথা বলে অভিহিত করেছেন এই গায়িকা ও অভিনেত্রী। এমনকি মন্তব্যটি টি-শার্টে ছাপানোরও পরামর্শ দিয়েছেন তার সঙ্গে মঞ্চে থাকা অভিনেত্রী র‍্যাচেল জেগলার।

গত ১৫ নভেম্বর (রবিবার) নিউইয়র্কের ৯২এনওয়াইয়ে র‍্যাচেল জেগলারের সঙ্গে এক সরাসরি আলোচনায় অংশ নেন ৫৭ বছর বয়সী লোপেজ। তার আসন্ন কনসার্ট চলচ্চিত্র ‘দ্য জেলো শো: লাইভ ইন লাস ভেগাস’ উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান। সেখানে নিজের ব্যক্তিগত জীবন, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে চারবার বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ তোলেন তিনি।

আলোচনার একপর্যায়ে লোপেজ রসিকতার ছলে বলেন, তিনি চারবার বিয়ে করেছেন এবং চারবারই বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে গেছেন। তার কথা শুনে দর্শকসারিতে বসা এক ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‌‘আপনার তো আরও ছয়টি আঙুল বাকি আছে!’

ভক্তের এমন তাৎক্ষণিক মন্তব্য শুনে হেসে ওঠেন লোপেজ। অনুষ্ঠানের ভিডিওতেও দেখা যায়, তিনি মুগ্ধ হয়ে ওই দর্শকের দিকে আঙুল তুলে ইঙ্গিত করছেন। এরপর আনন্দের সঙ্গে পা মেঝেতে ঠুকতে ঠুকতে বলেন, ‘হ্যাঁ, আছে! হ্যাঁ, আছে! হে ঈশ্বর, আমার জীবনে শোনা সবচেয়ে মজার কথা এটি!’

পাশে থাকা ২৫ বছর বয়সী র‍্যাচেল জেগলার তখন মন্তব্য করেন, ‘এটা তো টি-শার্টে ছাপানোর মতো কথা।’ লোপেজও তার সঙ্গে একমত পোষণ করে বলেন, “এটা সত্যিই টি-শার্টে ছাপানো উচিত। ‘আমার আরও ছয়টি আঙুল বাকি আছে।’ কী দারুণ মজার কথা!”

অনুষ্ঠানের ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে মার্কিন সাময়িকী পিপলসও ঘটনাটি নিশ্চিত করেছে।

লোপেজের ব্যক্তিগত জীবনে চারজন পুরুষের সঙ্গে বিয়ের সম্পর্ক রয়েছে। তারা হলেন- ওজানি নোয়া, ক্রিস জাড, মার্ক অ্যান্থনি এবং সর্বশেষ বেন অ্যাফ্লেক। মার্ক অ্যান্থনির সঙ্গে সংসারজীবনে লোপেজের যমজ সন্তান রয়েছে। তাদের ছেলে ম্যাক্স ও মেয়ে এমের বয়স এখন ১৮ বছর।

বিয়ে ও বিচ্ছেদের প্রসঙ্গটি আলোচনায় আসে লোপেজের ২০১৮ সালে প্রকাশিত স্প্যানিশ ভাষার গান ‘এল আনিয়ো’ নিয়ে কথাবার্তার সময়। গানটির কথায় প্রেমিকের কাছে বিয়ের আংটি চাওয়ার বিষয়টি উঠে এসেছে। র‍্যাচেল জেগলারের সঙ্গে আলোচনায় গানটির ব্যক্তিগত প্রেক্ষাপট তুলে ধরেন লোপেজ।

স্প্যানিশ ভাষায় গান করার বিষয়ে তিনি বলেন, যখনই স্প্যানিশ ভাষায় কিছু করার সুযোগ পাই, উপযুক্ত কোনো গান পেলে কিংবা কোনো গান সুন্দরভাবে অনুবাদ করা সম্ভব হলে, আমি সব সময়ই সেটি করতে চাই।

লোপেজের মতে, লাস ভেগাসে তার রেসিডেন্সি শোয়ের পরিবেশনার সঙ্গে ‘এল আনিয়ো’ গানটি যথেষ্ট মানানসই। তার এই কনসার্ট আয়োজনের শেষ পরিবেশনাটির চিত্রায়িত সংস্করণই ‘দ্য জেলো শো’। সেখানে প্রতিটি গানের মধ্য দিয়ে তার জীবনের গল্পের একটি করে অংশ তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

দর্শকদের উদ্দেশে লোপেজ বলেন, আপনারা যখন অনুষ্ঠানটি দেখবেন, আশা করি থ্যাংকসগিভিংয়ে আবারও দেখার সুযোগ পাবেন, তখন বুঝতে পারবেন প্রতিটি গান কীভাবে গল্পের একটি বিশেষ অংশ তুলে ধরছে।

লোপেজের ‘দ্য জেলো শো: লাইভ ইন লাস ভেগাস’ আগামী ২৬ নভেম্বর সিবিএস টেলিভিশনে প্রিমিয়ার হবে। একই দিনে এটি প্যারামাউন্ট প্লাসেও স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ হওয়ার কথা রয়েছে।

নিজের চারটি বিবাহবিচ্ছেদকে জীবনের গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মেনে নেওয়ার পাশাপাশি তা নিয়ে হাস্যরস করতেও যে লোপেজের আপত্তি নেই, সাম্প্রতিক এই ঘটনাই তার প্রমাণ। আর ভক্তের ছয়টি আঙুলের রসিকতা যে তার মনে বেশ দাগ কেটেছে, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

সূত্র: পিপল ডট কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights