ইরানের বিরুদ্ধে জৈব ও রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের, পাল্টা হামলার হুমকি

অনলাইন ডেস্ক

ইরান রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি কোনো ধরনের হামলা চালানো হলে তেহরানকে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলোর কারণে তেহরানের পক্ষে পারমাণবিক সক্ষমতা অর্জন করা কঠিন হয়ে পড়েছে। এর ফলে তারা এখন বিকল্প হিসেবে জৈব ও রাসায়নিক অস্ত্রের দিকে ঝুঁকছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ইরান গ্যাস এবং বায়ো (জৈব অস্ত্র) নিয়ে কাজ করছে। তবে ফক্স নিউজকে দেওয়া ওই বক্তব্যে নিজের এই দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

চলমান সংঘাতের দায় অস্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল ৫১ বছর আগে।

এছাড়া, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও গুরুতর অভিযোগ তোলেন ট্রাম্প। তার দাবি, গত আট মাসে ইরানি কর্তৃপক্ষ দেশটিতে ৭৫ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে।

ট্রাম্প আরও বলেন, ইরানের সাধারণ মানুষ বিক্ষোভ করতে চাইলেও নিরাপত্তা বাহিনীর গুলির ভয়ে তারা রাস্তায় নামতে পারছেন না।

সাক্ষাৎকারে ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের সম্ভাব্য কোনো হামলার বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে কিনা? এ প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি তেমনটা মনে করেন না। তবে কোনো হামলা ঘটলে ভয়াবহ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি এমন কিছু ঘটে, তবে আমরা তাদের (হামলাকারীদের) নিশ্চিহ্ন করে দেব।

এটি নিছক সতর্কবার্তা, নাকি বাস্তব প্রতিশ্রুতি— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি।

ট্রাম্পের এই বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাসায়নিক ও জৈব অস্ত্র নিয়ে ইরানের বিরুদ্ধে তার অভিযোগ এবং ওয়াশিংটনে সম্ভাব্য হামলার জবাবে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দুই দেশের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights