ইসরায়েলি সেনার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ
অনলাইন ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরের একটি সামরিক চৌকিতে আটক এক ফিলিস্তিনি বন্দিকে মারধর, তার গায়ে প্রস্রাব করা এবং মুখে মল মাখিয়ে দেওয়ার মতো বর্বরোচিত নির্যাতনের অভিযোগ উঠেছে এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে। অভিযুক্ত ওই সেনাসদস্যের বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ এনেছে খোদ ইসরায়েলের সামরিক পুলিশ। পরবর্তীতে কোনো অভিযোগ গঠন ছাড়াই ওই ফিলিস্তিনি নাগরিককে ছেড়ে দেওয়া হয়।
ইসরায়েলের চ্যানেল ১২ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে অধিকৃত পশ্চিম তীরের জালামেহ সামরিক চৌকিতে এই পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটে। এর আগে নিকটবর্তী একটি ক্রসিং থেকে ওই ফিলিস্তিনি ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইসরায়েলি সেনারা। সেনাদের দাবি, তল্লাশির সময় তার গাড়িতে একটি ছোট ছুরি পাওয়া গিয়েছিল। গ্রেফতারের পর তাকে হাতকড়া পরিয়ে এবং চোখ বেঁধে ওই সামরিক চৌকিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক সেনাসদস্য তার ওপর অমানবিক নির্যাতন শুরু করে বলে সন্দেহ করছেন সামরিক পুলিশের তদন্তকারীরা। পরবর্তীতে কোনো ধরনের অভিযোগ ছাড়াই ওই ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়।
এই ঘটনার পর ওই চৌকিতে কর্মরত অন্যান্য সেনাদের অভিযোগের ভিত্তিতে ইসরায়েলি সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। তদন্তকারীদের সন্দেহ, অভিযুক্ত ওই সেনা প্রথমে আটক ফিলিস্তিনিকে বেধড়ক মারধর করে এবং তার শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে আহত করে। তবে নির্যাতন এখানেই থেমে থাকেনি। তদন্তের তথ্যমতে, ওই সেনাসদস্য এরপর বন্দি ফিলিস্তিনির গায়ে প্রস্রাব করে এবং নিজের মল ওই ব্যক্তির মুখে মাখিয়ে দিয়ে তা খাওয়ার জন্য চাপ দেয়।
চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় প্রাথমিকভাবে তিনজন সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয় এবং মূল সন্দেহভাজন হিসেবে ওই একজন সেনাকে হেফাজতে রাখা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপারস ব্রিগেডে কর্মরত অভিযুক্ত ওই সেনাকে গত কয়েক সপ্তাহ ধরে আটক রাখা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে সামরিক পুলিশ।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই সেনাসদস্য ফিলিস্তিনি বন্দিকে মারধর করার কথা স্বীকার করলেও প্রস্রাব করা বা মুখে মল মাখিয়ে দেওয়ার অন্যান্য অভিযোগ অস্বীকার করেছে। তার আইনজীবী ইয়োসি বোকার মক্কেলের পক্ষে সাফাই গেয়ে তাকে ‘একজন অত্যন্ত অনুপ্রাণিত যোদ্ধা এবং গুণী তরুণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এই মামলায় কোনো প্রমাণ নেই। আমরা আদালতের ওপর আস্থা রাখি এবং শেষ পর্যন্ত সত্য বেরিয়ে আসবে।”
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের তথ্য অনুযায়ী, অভিযুক্ত সেনা নিজেকে নির্দোষ দাবি করে কথিত এই নির্যাতনের ঘটনায় অন্যান্য সেনাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য সামরিক পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে। তবে তদন্তকারীরা বলছেন, তার বিরুদ্ধে পাওয়া প্রমাণগুলো অত্যন্ত বিশ্বাসযোগ্য। তাদের মতে, ওই সেনার দেওয়া বক্তব্য অসংগতিপূর্ণ এবং চৌকিতে অবস্থানরত অন্যান্য সেনাদের দেওয়া সাক্ষ্যের সাথে তা সাংঘর্ষিক।
সূত্র: মিডলইস্ট আই
