এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের কেলেঙ্কারিকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার আগে নকল ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়ার দায় স্বীকার করেছেন তিনি। রোববার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং।
গত ১৫ নভেম্বর দেশটির জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক ব্যক্তি এআই ব্যবহার করে নকলের কথা স্বীকার করেন। তিনি জানান, গোপন ক্ষুদ্র ক্যামেরায় প্রশ্নের ছবি তুলে এআইয়ের মাধ্যমে উত্তর বের করেন। পরে স্মার্টফোনে সেই উত্তর দেখে পরীক্ষা দেন।
ঘটনাটি প্রকাশের পর ১৯ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’-এ নকল ঠেকাতে জরুরি ব্যবস্থা নেয় সরকার। পরীক্ষাকেন্দ্রে সাধারণ মানুষের ব্যবহারের ওয়াই-ফাই বন্ধ রাখা হয়। নজরদারির দায়িত্বে থাকা কর্মীর সংখ্যা দ্বিগুণ করা হয়। শিক্ষার্থীদের শুধু পেনসিল নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশের নির্দেশ দেওয়া হয়। রাবার সরবরাহ করে কর্তৃপক্ষ।
পোশাকের বোতামে গোপন ক্যামেরা রাখার আশঙ্কায় বোতামযুক্ত পোশাক এড়িয়ে চলতে বলা হয়। কেউ এমন পোশাক পরলে বোতামের ওপর স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া পরীক্ষার্থীদের স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র জমা দিতে বলা হয়। গোপন ক্যামেরা শনাক্তে চশমা, ঘড়ি ও পোশাকও পরীক্ষা করা হয়। পরীক্ষা চলাকালে গোপনে রাখা স্মার্টফোন শনাক্ত করতে দেশজুড়ে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক যন্ত্রসংক্রান্ত অনিয়মের ১১১টি সন্দেহজনক ঘটনা শনাক্ত হয়েছে। এর প্রায় অর্ধেক ধরা পড়ে জরুরি সতর্কবার্তার মাধ্যমে। এদিকে, পরীক্ষার মাত্র কয়েক দিন আগে নতুন নিয়ম চালু করায় সরকারের সমালোচনা করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
পদত্যাগের ঘোষণা দিয়ে চোই কিয়ো-জিন বলেন, পরীক্ষা বড় কোনো ঘটনা ছাড়াই শেষ হয়েছে। তবে পর্যাপ্ত আগাম প্রস্তুতি না নেওয়ার সমালোচনা এড়ানোর সুযোগ তার নেই। তাই তিনি সম্পূর্ণ দায় নিয়ে পদত্যাগ করছেন।
দক্ষিণ কোরিয়ায় আট ঘণ্টাব্যাপী ‘সুনুং’ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি ভবিষ্যৎ চাকরি ও পেশাগত জীবনের সুযোগকে ব্যাপকভাবে প্রভাবিত করে।
