এক বছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে তাড়িয়েছে বাইডেন প্রশাসন

অনলাইন ডেস্ক
গত অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ৭০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে বিতাড়িত করেছে বিদায়ী জো বাইডেন প্রশাসন।

দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনপ্রত্যাশীদের বিতাড়িত করার হুমকি দিয়ে আসছেন।
এর মধ্যেই বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করা হয়। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।
বিতাড়িত হওয়া ব্যক্তিদের হিসাবটি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসন মেয়াদে করা চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন। এ সংখ্যা গত দশকের যেকোনও সময়ের চেয়ে সর্বোচ্চ। এমনকি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়েও এ সংখ্যা সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক কর্তৃপক্ষ (আইসিই) এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হওয়া ব্যক্তিদের অধিকাংশই অবৈধভাবে দক্ষিণ সীমান্ত পাড়ি দিয়ে এসেছিলেন। তাদের প্রায় এক-তৃতীয়াংশ বিভিন্ন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, নয়তো ফৌজদারি অপরাধের অভিযোগের মুখে পড়েছেন।

সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ১২ মাসে বিতাড়িত হওয়া মানুষদের এ হিসাব তুলে ধরা হয়েছে। সময়টিতে ট্রাম্প তার নির্বাচনী প্রচার চালিয়েছিলেন। তার প্রচারে অভিবাসন ইস্যুটি উল্লেখজনকভাবে গুরুত্ব পেয়েছিল।

ট্রাম্প ইতোমধ্যে বলেছেন, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিবাসনপ্রত্যাশীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালাবেন তিনি।

মার্কিন নাগরিকদের চেয়ে অভিবাসীরা বেশি অপরাধ করে বলে অভিযোগ করে থাকেন ট্রাম্প। তার এ ধারণা ভোটারদের কাছে জনপ্রিয় বলে প্রমাণও হয়েছে।

তবে কীভাবে এ অভিযান চালানো হবে, তা নিয়ে ট্রাম্প খুব একটা বিস্তারিত বলেননি।

হিসাব অনুসারে, ১ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করে। তবে ট্রাম্প ও তার সমর্থকদের দাবি, এ সংখ্যা আরও অনেক বেশি। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights