এক ম্যাচের জন্য সাকিবকে পেতে কেন মরিয়া সারে?

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই ইংল্যান্ডে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে কাউন্টিতে তিনি সারের হয়ে খেলবেন একটি মাত্র ম্যাচ। আর ম্যাচটি শুরু হবে আজকে।

সাকিবকে মাত্র এক ম্যাচের জন্য কেন লন্ডনে উড়িয়ে নিল সারে? সাধারণত কাউন্টির দলগুলো মৌসুমজুড়ে খেলবেন কিংবা অন্তত ৫-৬ ম্যাচে খেলবেন এমন শর্তেই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে থাকেন। এক ম্যাচের জন্য খেলোয়াড় নিলে দল ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার ঝুঁকি থেকেই যায়। এরপরও কেন সাকিবকে নিতে মরিয়া হল সারে?

সারে বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের শীর্ষে অবস্থান করছে। গত দুই আসরে চ্যাম্পিয়ন হওয়া দলটি এই মুহূর্তে ১১ ম্যাচে ১৯৩ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে আছে। ২৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে সমারসেট। টন্টনে শুরু ম্যাচে সমারসেটই সারের প্রতিপক্ষ।
শিরোপার লড়াইয়ের ম্যাচে সাকিবকে নেওয়ার কারণ খেলোয়াড়-স্বল্পতা। বর্তমানে সারের আটজন খেলোয়াড় ইংল্যান্ড জাতীয় দলের খেলায় ব্যস্ত। কেউ শ্রীলঙ্কার সঙ্গে চলমান টেস্ট সিরিজে, আর কেউবা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের (১১ সেপ্টেম্বর শুরু) প্রস্তুতিতে।

আটজনের মধ্যে আছেন উইল জ্যাকস ও ড্যান লরেন্স, যারা মূলত স্পিন অলরাউন্ডার হিসেবে দলে ছিলেন। এ ছাড়া ওলি পোপ, গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, স্যাম কারেন, রিস টপলি, সাই সুদর্শন এবং জেমি ওভারটনদেরও পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এমন যে ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াডই গড়া যাচ্ছিল না। যে কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে লাল বলের ক্রিকেট ছেড়ে দেওয়া টম কারেনকেও দলে ফিরিয়ে আনতে হয়েছে।

খেলোয়াড়-স্বল্পতার বিষয়টি তুলে ধরে সারের ডিরেক্টর অব ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘আমরা জানতাম, মৌসুমের একটা নির্দিষ্ট সময়ে উল্লেখযোগ্যসংখ্যক ক্রিকেটার ইংল্যান্ড দলের দায়িত্বে চলে যাবে। বিশেষ করে দুজন স্পিনিং অলরাউন্ডারকে আমরা মিস করব।’

সাকিবের সঙ্গে সারের প্রাথমিক আলোচনা হয়েছিল ৪-৫ ম্যাচ খেলা নিয়ে। ভারত সিরিজে যদি না খেলতেন, সেটিই হয়তো হতো। কিন্তু সাকিব সিরিজটিতে খেলছেন বলে তাকে স্বল্প সময়ের জন্য হলেও পেতে মরিয়া ছিল সারে, ‘যখন আমাদের কাছে সাকিবের মানের একজন খেলোয়াড় আনার সুযোগ হয়েছে, সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। সাকিব ব্যাট এবং বল হাতে ব্যাপক অভিজ্ঞতা ও অসাধারণ স্কিল যোগ করবে, যা সারেতে দেখার অপেক্ষায় আছি আমরা।’

সারের হয়ে সাকিব যে মাঠে খেলবেন, সেই টন্টনে তার একটি সেঞ্চুরিও আছে। ২০১৯ বিশ্বকাপে এ মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। রান করেছেন ৪১২, উইকেট ৪২টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights