এক সপ্তাহেই দুইবার বৈঠক করলেন মোদি-পেজেশকিয়ান

ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দিতে এসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাম্প্রতিক সময়ে এক সপ্তাহের দুই নেতার মধ্যে এটি দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের সাক্ষাৎ। মূলত দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সামগ্রিক কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই বৈঠক।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের অবশিষ্ট বাণিজ্যিক ও আর্থিক পথগুলো রুদ্ধ করার উদ্দেশ্যে পরিচালিত সর্বোচ্চ চাপের নীতির মাঝে এই সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্কের গতি তুলে ধরছে।

বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে গভীর আলোচনা করেন। বর্তমান পরিস্থিতিতে সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা এবং নাবিকদের সুরক্ষা ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য যুদ্ধ বা সংঘাতের পরিবর্তে সংলাপে জোর দিয়ে কূটনৈতিক পথ অনুসরণের পক্ষে অবস্থান নিয়েছে ভারত। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা এবং পণ্যবাহী জাহাজের জন্য নিরাপদ জলপথ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত না হয়।

ব্রিকস বিজনেস ফোরামে দেওয়া ভাষণে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একাধিপত্য ভাঙার প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে তুলে ধরেন। তিনি সদস্য দেশগুলোকে নিজেদের মধ্যকার বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব জাতীয় মুদ্রা ব্যবহারের আহ্বান জানান। বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও মার্কিন সামরিক আগ্রাসনের মুখে ব্রিকসভুক্ত দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। কোনো একক দেশ যাতে আর্থিক হাতিয়ার ও নিষেধাজ্ঞাগুলোকে একচেটিয়াভাবে ব্যবহার করে অন্য দেশের বৈধ বাণিজ্যে বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে ব্রিকস জোটের একটি সুরক্ষিত বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলার তাগিদ দিয়েছেন পেজেশকিয়ান।

এর আগে গত ৩১ আগস্ট বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকেও নরেন্দ্র মোদি ও মাসুদ পেজেশকিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ভারতের বিস্তৃত কূটনৈতিক সম্পর্কের সদ্ব্যবহার করে সংঘাতপূর্ণ পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights