এনআইডি সেবায় হয়রানি দুর্নীতি দেখতে চাই না
নিজস্ব প্রতিবেদক
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ আর দেখতে চাই না। এনআইডি-সংক্রান্ত সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম : বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা কর্মশালায় অংশ নেন। সিইসি বলেন, প্রতিদিন যখন আমি ডাক সই করি, তখন অন্তত ছয়-সাতটি আবেদন থাকে এনআইডি-সংক্রান্ত। কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি আমাকে খুব বিব্রত করে। পত্রপত্রিকায় যখন হয়রানির খবর দেখি, তখন আরও অস্বস্তি বোধ করি। আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়। এনআইডি সেবায় দুর্নীতির অভিযোগ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে নাসির উদ্দিন বলেন, এনআইডি কেন্দ্রিক দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো থেকে আমরা মুক্তি চাই। সিইসি বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন আছে। আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্ট করে জানাতে হবে। তিনি বলেন, কেউ একটি আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না, তাঁর আবেদন কোথায় আছে সেটাও জানতে পারবেন না-এটা হতে পারে না। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ দিতে হবে। প্রয়োজনে একটি মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে যোগাযোগ করে জানতে পারেন তাঁর আবেদনের কী অবস্থা।
