এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল কারাগারে

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে বাহাদুর হোসেন মনির (১৭) নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) বর্ডার উইংয়ের সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ রবিবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষ জামিন চেয়ে শুনানি করে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিষয়ে বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৯ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত ১০ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩০ সেপ্টেম্বর নিহত বাহাদুর হোসেন মনিরের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই গুলশান থানার প্রগতি সরণির শাহজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্দোলন চলাকালে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাহাদুর হোসেন মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights