এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

অনলাইন ডেস্ক

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা অভিযোগের পর এবার পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এই অভিনেত্রী।

গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তিশা। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে।

মামলার বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে যা বলার তার আইনজীবী বলবেন।

বিষয়টি নিশ্চিত করে তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন জানান, গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা।

জসীমউদ্দীন বলেন, ‘অনলাইনে তানজিন তিশাকে নিয়ে বিভিন্ন পোস্ট এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে। এছাড়া পুরোনো একটি অডিও রেকর্ড প্রকাশের বিষয়টিও মামলার অভিযোগের সঙ্গে যুক্ত। বাদীর ভাষ্য অনুযায়ী, ওই অডিও রেকর্ডটি সম্পাদনা করে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল, যা নিয়ে আপত্তি রয়েছে তানজিন তিশার।’

জানা গেছে, মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সানায়্যা আনাম ওয়াফিকাহকে। দ্বিতীয় আসামি ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা। অভিযোগ, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা। এর পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন এই অভিনেত্রী। সূত্র: সমকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights