এল ক্লাসিকোতে রিয়ালের আক্রমণভাগ নিয়ে সতর্ক ফ্লিক

অনলাইন ডেস্ক
এল ক্লাসিকোর মতো বড় ম্যাচে জয় পেতে হলে রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে ওঠার পাশাপাশি সতর্ক ও প্রস্তুত থাকতে হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। সম্প্রতি পিএসজির বিপক্ষে ম্যাচে রক্ষণের দুর্বলতাগুলো শুধরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার ওপর গুরুত্ব দিয়েছেন জার্মান এই কোচ।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ফ্লিক জানান, খেলোয়াড়েরা ধকল কাটিয়ে উঠেছেন এবং রিয়ালের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।

তার মতে, এল ক্লাসিকো ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি। এই ম্যাচে জয়ের গুরুত্ব শুধু তিন পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাড়তি মর্যাদা ও আবেগ।

ফ্লিক বলেন, খেলোয়াড়েরা সেরে উঠেছে এবং এই ম্যাচের জন্য প্রস্তুত। এল ক্লাসিকো আলাদা, আমাদের খেলার সবচেয়ে সেরা ম্যাচ। সবাই এই ম্যাচ দেখবে। এখানে জিতলেও পাওয়া যাবে মাত্র তিন পয়েন্ট, কিন্তু ম্যাচটির গুরুত্ব এর চেয়ে অনেক বেশি।

তবে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বার্সেলোনা কোচ। রিয়ালের আক্রমণভাগের দক্ষতা এবং সাম্প্রতিক ম্যাচগুলোর পারফরম্যান্সের প্রশংসা করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্লিক বলেন, ‘আমি আত্মবিশ্বাসী একটি দলকেই প্রত্যাশা করছি। রিয়াল মাদ্রিদ দারুণ একটি ক্লাব। তাদের ভালো খেলোয়াড় ও অসাধারণ কোচ রয়েছেন। আক্রমণের শেষ ভাগে তাদের খেলোয়াড়দের মান অনেক উঁচু। সাম্প্রতিক ম্যাচগুলোতেও তারা সেটি দেখিয়েছে। আমাদের সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

বিশেষ করে কিলিয়ান এমবাপেকে সামলাতে দলের রক্ষণাত্মক অবস্থান ও খেলোয়াড়দের পারস্পরিক সমন্বয়ের ওপর জোর দিয়েছেন ফ্লিক। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে বল পায়ে থাকা এবং বল ছাড়া দুই পরিস্থিতিতেই সঠিক অবস্থান ধরে রাখা জরুরি বলে মনে করেন তিনি। এদিকে, নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে রিয়ালের হয়ে খেলতে পারবেন না ভিনিসিয়ুস জুনিয়র।

ফ্লিক বলেন, বল থাকুক বা না থাকুক, মাঠে আমাদের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। বল ছাড়া খেলতে গেলে খেলোয়াড়দের মধ্যে সঠিক দূরত্ব বজায় রাখতে হবে এবং দলকে জমাট রাখতে হবে। বিশেষ করে এত উঁচু রক্ষণসারি নিয়ে খেললে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ।

চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগ দারুণ ছন্দে রয়েছে। ১২ ম্যাচে দলটি করেছে ৫০ গোল। তবে একই সময়ে ১৫ গোল হজম করায় রক্ষণভাগের দৃঢ়তা নিয়ে প্রশ্ন উঠেছে। পিএসজির বিপক্ষে মাঝ সপ্তাহে সেই দুর্বলতাগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে।

ফলে রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোতে আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি রক্ষণ সামলানোই হবে ফ্লিকের দলের বড় পরীক্ষা। প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণভাগের সামনে সামান্য অসতর্কতাও যে বড় বিপদ ডেকে আনতে পারে, সেটি ভালোভাবেই জানেন বার্সেলোনা কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights