এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারাল পাকিস্তান। ১১১ রানের জবাবে খেলতে নেমে ১১.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সাহিবজাদা ফারহানের দল।
বৃহস্পতিবার নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ১৩ ওভারে কমিয়ে আনা হয়েছিল ম্যাচের দৈর্ঘ্য। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১১১ রান তোলে।
শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারিয়েছে টাইগাররা। ওপেনার তানজিদ হাসান ৭ রান করে আরাফাত মিনহাসের বলে শাহিবজাদা ফারহানকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তানজিদ আউট হওয়ার পর উইকেটে আসেন অধিনায়ক লিটন দাস। তবে ২ রান করে সাইম আয়ুবের বলে বোল্ড হয়ে আউট হন তিনি।
পারভেজ হোসেন ইমনকে সাজঘরে ফিরিয়েছেন আরাফাত মিনহাস। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার মাত্র ১ রান করে আউট হয়েছেন। মিনহাসের ফ্লাইটেড ডেলিভারিতে সীমানার কাছে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন মোহাম্মদ ওয়াসিমের হাতে।
সাইফ হাসান ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ১৯ রানে সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন তিনি। তাতেই পঞ্চাশ রানের আগে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
পঞ্চম উইকেটে বাংলাদেশের হাল ধরেন তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। এই দুজনের জুটিতেই বাংলাদেশ বড় সংগ্রহের ভিত পেয়ে যায়। হৃদয় ২৫ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরলে এই জুটি ভাঙে। হৃদয় সুফিয়ান মুকিমের বলে লেগ সাইডে খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন সাইমকে। এরপর মোসাদ্দেককেও আউট করেন মুকিম। ১১ রান করা মোসাদ্দেক কাভারে ক্যাচ দিয়েছেন শাহিবজাদা ফারহানকে। ফলে ৯৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে বাংলাদেশের রান বাড়ান শেখ মেহেদী ও রিশাদ হোসেন। ইনিংসের শেষ বলে রান আউট হন শেখ মেহেদী।
