ওমানের খাসাবের কাছে নৌ-মাইনের আঘাতে ট্যাংকারে আগুন: আইআরজিসি
অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালি অতিক্রমের সময় ‘অননুমোদিত’ পথ ব্যবহারের চেষ্টাকালে নৌ-মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ওমানের খাসাব বন্দরের কাছে এই ঘটনা ঘটে।
শুক্রবার ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়, হরমুজ প্রণালি এবং এর আশপাশের জলসীমায় যেকোনো ‘নিয়ম লঙ্ঘনকারী’ বা অননুমোদিত জাহাজের গতিবিধি ‘আমাদের নজর এড়িয়ে যায় না’।
এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ওমানের বন্দর শহর খাসাবের ৮ নটিক্যাল মাইল (প্রায় ১৫ কিলোমিটার) উত্তরে একটি ট্যাংকার প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহাজটিতে আগুন লেগেছে। এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পরপরই আইআরজিসির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ও সংলগ্ন জলসীমায় সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: আল-জাজিরা।
