কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সড়কে যাতায়াত করা শত শত গাড়ি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে মিরসরাই উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজারে নাহার অ্যাগ্রোর একটি পোল্ট্রি খাদ্যবোঝাই কাভার্ডভ্যান সড়কে উল্টে গেলে চট্টগ্রামমুখী লেনে এই যানজট সৃষ্টি হয়। এ ছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে সড়কের মধ্যে দুটি কাভার্ডভ্যান উল্টে যানজট দেখা দেয়।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে।

ট্রাকচালক সুজা উদ্দিন বলেন, গাজীপুর থেকে চট্টগ্রাম যাচ্ছি। যানজটে পড়ে বড়তাকিয়া এলাকায় ১ ঘণ্টা দাঁড়িয়ে আছি। কখন যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলতে পারছি না।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে উপপরিদর্শক জিয়া উদ্দিন বলেন, মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ার পর কিছুটা যানজট তৈরি হয়। আমরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে, কিছুক্ষণ পর যানজট স্বাভাবিক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights