কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে জামিন পেতে সহায়তা, ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মামলার তথ্য গোপন করার অভিযোগ উঠেছে মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসির বিরুদ্ধে। এঘটনায় ওসি একেএম নাজমুল কাদেরকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের দুটি মামলাসহ মোট তিনটি মামলার তথ্য আদালতের কাছে গোপন রাখার অভিযোগ উঠেছিল। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। বদলির বিষয়টি সোমবার রাতে জানাজানি হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে , গত ২২ সেপ্টেম্বর বিকেলে নগরীর নিসবেতগঞ্জ এলাকা থেকে রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম দুলালকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। বিদ্যুৎ আদালতের একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিনই আদালতে হাজির করা হলে তিনি জামিন পান। এরপর তিনি আবার আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে মামলাগুলো হল ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে নগরীর সুপার মার্কেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গত ১৪ মার্চ জয়নাল আবেদীন বাপ্পী নামে একজন বাদি হয়ে মামলা করেন। এতে দুলাল ৪৪ নম্বর আসামি। একই দিন বিকেলে কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগে একই বছরের ৯ মে রমজান আলী বাদি হয়ে আরেকটি মামলা করেন।

এছাড়া চলতি বছরের ২১ আগস্ট নগরীর সিও বাজার কেল্লাবন্দ এলাকায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে নাশকতার পরিকল্পনার বৈঠকের অভিযোগে ২৮ আগস্ট উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এসব মামলার তথ্য গোপন রাখা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কোতয়ালী থানার ওসিকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। গত শনিবার তিনি রংপুর ছেড়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights