কালীগঞ্জে ৫ দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী যুবক, উদ্বিগ্ন পরিবার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন বিল্লাল হোসেন (২২) নামে এক যুবক। গত ১৪ নভেম্বর শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। নিখোঁজের পাঁচ দিন পার হলেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি মোঃ মোমিন হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিল্লাল একজন মানসিক প্রতিবন্ধী এবং তাঁর সরকারি প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন বাড়ি থেকে বের হওয়ার পর বিল্লাল আর ফিরে না আসায় আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
এ ঘটনায় নিখোঁজের বাবা মোঃ মোমিন হোসেন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে নিখোঁজ যুবককে দ্রুত খুঁজে বের করে উদ্ধারের জন্য পুলিশের সহযোগিতা কামনা করেছেন তিনি।
নিখোঁজ প্রতিবন্ধী বিল্লালের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
