কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী সরদার আলী গুরুতর আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পলাতক রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়ায় তাঁকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে ফেরার পর আবারও মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাঁদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতরে তাঁর মাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে সরদার আলীকেও ছুরিকাঘাত করেন শোভন। পরে তিনি পালিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights