কুড়িগ্রামে নাতির হাতে দাদা খুনের অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে নিজ ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তির খন্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ ধরণের নৃশংস হত্যাকান্ডের কারণ জানা যায়নি। স্থানীয়দের ধারণা তার নাতি দাদাকে হত্যা করে পালিয়ে গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পন্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্দিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগর থেকে উলিপুরের ধরণীবাড়ি এলাকায় গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তাঁর ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।মঙ্গলবার রাতে কোনো একসময় তিনি হত্যাকান্ডের শিকার হন বলে স্থানীয়দের ও পুলিশের ধারণা। পরে মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরী সেবায় ফোন করে হত্যাকান্ডের খবর দেয়া হয়। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাদার খন্ডিত মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম খন্ডিত মরদেহ শনাক্ত করেন।এরপর পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে সন্দেহজনক ৪জনকে জিজ্ঞাসাবাদে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ এ হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত জোরদার করছে।আশা করি আগামীকালের মধ্যে একটি তথ্য বের করা সম্ভব হবে।
