কুড়িগ্রামে হিজিবিজির কার্টুন ড্রয়িং কর্মশালা, অংশ নিল ৭৫ শিক্ষার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি:
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, কল্পনাশক্তির চর্চা এবং কার্টুন আঁকার প্রতি আগ্রহ বাড়াতে কুড়িগ্রামে দিনব্যাপী কার্টুন ড্রয়িং কর্মশালার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন কালচারাল অর্গানাইজেশন ‘হিজিবিজি’। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করা ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
শুক্রবার (২৩ অক্টোবর) কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ সংগীত বিভাগের ইন্সট্রাক্টর ইমামুর রশিদ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক প্রথম আলোর কার্টুনিস্ট সৌহাত রাশেদিন সৌখিন। এ সময় শিক্ষার্থীদের কার্টুন আঁকার মৌলিক ধারণা ও বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি নিজেদের চিন্তা, কল্পনা ও সৃজনশীলতাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার বিষয়ে ধারণা দেওয়া হয়।
কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেমাউল ইসলাম, কুড়িগ্রাম শিল্পকলা একাডেমির অঙ্কন প্রশিক্ষক ও চিত্রশিল্পী শহিদুর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রাফে, ‘বিন্দু’র সম্পাদক কবি সাম্য রাইয়ান এবং উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক।
প্রশিক্ষক সৌহাত রাশেদিন সৌখিন বলেন, ‘কার্টুন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি নিজের চিন্তা, কল্পনা ও সমাজের নানা বিষয়কে সৃজনশীলভাবে প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের কার্টুন আঁকার মৌলিক ধারণা ও কৌশল শেখানোর চেষ্টা করছি।’
হিজিবিজির সম্পাদক রাজ্য জ্যোতি বলেন, ‘আমরা চাই, কুড়িগ্রামের শিশু-কিশোররা পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে আসুক। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ও শিল্পচর্চার সুযোগ তৈরি করতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’
হিজিবিজির কর্মশালা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব নাজমুস সাকিব শাহী জানান, এ ধরনের সৃজনশীল কর্মশালা হিজিবিজির ধারাবাহিক কর্মসূচির অংশ। শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও শিল্পচর্চায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights